এমপিও শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)

এমপিও শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত) প্রকাশ করা হয়েছে। বদলির জন্য অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

নতুন নীতিমালায় অনলাইনে আবেদন, বদলির যোগ্যতা ও অগ্রাধিকারের বিষয়সমূহের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ pdf

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে।

৬ মে ২০২৬ তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালাটি প্রকাশের তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। বদলি নীতিমালার পিডিএফ কপি ডাউনলোড করুন এখান থেকে

কারা বদলির আবেদন করতে পারবেন

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, প্রভাষক ও ট্রেড ইনস্ট্রাক্টররাও এর আওতায় থাকবেন।

তবে প্রথম যোগদানের পর চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে।

একটি প্রতিষ্ঠানে যোগদানের পর পুনরায় বদলির আবেদন করতে হলেও আরও দুই বছর চাকরি সম্পন্ন করতে হবে।

বদলির সাধারণ শর্তাবলী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার ৩ নম্বর অনুচ্ছেদের বদলির জন্য সাধারণ কিছু শর্তাবলী রাখা হয়েছে। এসব শর্ত মেনে শিক্ষকদের বদলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩.১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূণ্যপদের চাহিদা/বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে।

৩.২ প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের আবেদন আহ্বান করবে।

৩.৩ সমস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রধান/একই বিষয়ের শিক্ষক সমপদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বৎসর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।

৩.৪ আবেদনকারী শিক্ষক তাঁর চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোন জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে।

এছাড়াও আবেদনকারী শিক্ষক স্বামী/স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী/স্ত্রীর কর্মস্থল জেলায় (সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান) বদলির আবেদন করতে পারবে।

৩.৫ প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন।

৩.৬ বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন।

৩.৭ একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিন বার বদলি হওয়ার সুযোগ পাবেন।

৩.৮ একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে, নিম্নেবর্ণিত অগ্রাধিকার বিবেচনা করতে হবে:-

(ক) নারী

(খ) দূরত্ব

(গ) স্বামী/স্ত্রীর কর্মস্থল জেলা (সরকারি/ আধা সরকারি/স্বায়ত্তশাসিত/ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান)

(ঘ) জ্যেষ্ঠতা

৩.৯ চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে।

৩.১০ একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্খিত উপজেলার কেন্দ্র-এর দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

৩.১১ একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্খিত জেলার কেন্দ্র-এর দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

৩.১২ একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব-স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্খিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে।

৩.১৩ দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়-এর অনুসৃত মডেল অনুসরণ করা হবে।

৩.১৪ অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

৩.১৫ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবে।

৩.১৬ একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ০২ (দুই) জন শিক্ষক অগ্রাধিকারভিত্তিতে [নারী ও জ্যেষ্ঠতা] বদলির সুযোগ পাবেন। তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না। (প্রযোজ্য ক্ষেত্রে)

৩.১৭ আবেদনকারী শিক্ষক বদলির আবেদনে সর্বোচ্চ ০৩ (তিন) টি কাঙ্খিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।

৩.১৮ সরকার জনস্বার্থে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলী করতে পারবে।

এমপিওভুক্ত শিক্ষক বদলির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে।

শর্তবিস্তারিত
চাকরির মেয়াদপ্রথম যোগদানের পর কমপক্ষে ২ বছর চাকরি পূর্ণ হতে হবে
পুনরায় বদলিনতুন কর্মস্থলে যোগদানের পর আরও ২ বছর পূর্ণ হলে আবার আবেদন করা যাবে
আবেদনের এলাকানিজ জেলার শূন্য পদের বিপরীতে আবেদন করতে হবে
বিভাগ পরিবর্তননিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করা যাবে
স্বামী বা স্ত্রীর কর্মস্থলস্বামী বা স্ত্রীর কর্মস্থল বা নিজ জেলায় বদলির আবেদন করা যাবে
প্রতিষ্ঠান নির্বাচনএকজন শিক্ষক সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানের নাম পছন্দ হিসেবে দিতে পারবেন
সর্বোচ্চ বদলিএকজন শিক্ষক চাকরি জীবনে সর্বোচ্চ ৩ বার বদলির সুযোগ পাবেন
ভুল তথ্যঅসম্পূর্ণ বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে
এক প্রতিষ্ঠান থেকে বদলিএক বছরে একটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২ জন শিক্ষক বদলির সুযোগ পাবেন
একই বিষয়ের শিক্ষকএকই বিষয়ে একাধিক শিক্ষক একসাথে বদলির সুযোগ পাবেন না

অনলাইনে আবেদন গ্রহণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করবে।

শূন্য পদের তথ্য নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে।

শিক্ষকরা প্রকাশিত শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন।

একজন শিক্ষক কতটি প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন

নীতিমালা অনুযায়ী একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি পছন্দের প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন।

বদলির ক্ষেত্রে অগ্রাধিকার

একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন হলে কয়েকটি বিষয় বিবেচনা করা হবে।

অগ্রাধিকার বিষয়বিবরণ
নারী শিক্ষকনারী আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে
দূরত্ববর্তমান কর্মস্থল ও নতুন প্রতিষ্ঠানের দূরত্ব বিবেচনা করা হবে
স্বামী বা স্ত্রীর কর্মস্থলদাম্পত্য কারণে বদলির সুযোগ রাখা হয়েছে
জ্যেষ্ঠতাচাকরির মেয়াদ ও এমপিও নীতিমালা অনুযায়ী জ্যেষ্ঠতা গণনা হবে

একজন শিক্ষক কতবার বদলি হতে পারবেন

নীতিমালায় বলা হয়েছে, একজন শিক্ষক চাকরি জীবনে সর্বোচ্চ তিনবার বদলি হতে পারবেন।

একটি প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন।

তবে একই বিষয়ে একাধিক শিক্ষক একসাথে বদলি হতে পারবেন না।

বদলির পর যোগদান সংক্রান্ত নির্দেশনা

বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হতে হবে।

অবমুক্ত হওয়ার পর নতুন কর্মস্থলে ১০ দিনের মধ্যে যোগদান করতে হবে।

যোগদানের তথ্য অনলাইনে আপলোড করা হবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।

যেসব শিক্ষক বদলির সুযোগ পাবেন না

কোনো শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সাময়িক বরখাস্ত বা বিভাগীয় তদন্ত চলমান থাকলে তিনি বদলির জন্য অযোগ্য হবেন।

ভুল তথ্য দিয়ে আবেদন করলে আবেদন বাতিল করা হবে।

ইচ্ছাকৃত ভুল তথ্য প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

পূর্বের নীতিমালা বাতিল

নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর এ সংক্রান্ত পূর্বের সব নীতিমালা ও পরিপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যতে নীতিমালায় সংশোধন বা পরিবর্তন আনতে পারবে বলেও জানানো হয়েছে।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এমপিও নীতিমালা (সংশোধিত) [স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি]

মাদরাসা এমপিও শীট সংশোধন আবেদনের অধিদপ্তরের নতুন নিয়ম

মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us